নাটোর: নাটোরের নলডাঙ্গায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে তারেক রহমান (১৮) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাহান এ আদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্ত তারেক উপজেলার তেঘড়িয়া গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।
নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুজ্জামান জানান, তারেক প্রায় প্রতিদিনই স্কুলে যাওয়ার সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো। বিষয়টি তারেকের পরিবারকে একাধিকবার জানানোর পরও কোনো ব্যবস্থা না নেয়ায় ছাত্রীর অভিভাবকরা থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিকেলে তারেককে আটক করে পুলিশ।
পরে সন্ধ্যায় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম জেল দেন।