বিনোদন ডেস্ক: একের পর এক নিজের ক্যারিয়ারে সফলতা যুক্ত করছেন ভারতের এই সময়ের শীর্ষ নায়িকা প্রিয়াংকা চোপড়া। ভারত থেকে মার্কিন মুলুকেই এখন বেশি পদচারণা তার। বিশেষত ‘কোয়ান্টিকো’ সিরিজে অভিনয় করে ব্যাপক আলোচিত হয়েছেন তিনি। হলিউড ছবি ‘বেওয়াচ’ তো রয়েছেই। গত বছর ‘কোয়ান্টিকো’র জন্য ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ জয়ের পর এখন এর দ্বিতীয় কিস্তির কাজও করছেন।
এবার প্রিয়াংকার মুকুটে যুক্ত হলো আরো একটি আন্তর্জাতিক সম্মান। ইউনিসেফের আন্তর্জাতিক শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হলেন তিনি। তবে পিয়াংকা একা নন। তার সাথে এই তালিকায় রয়েছেন জ্যাকি চ্যান, ডেভিড বেকহ্যাম, অরল্যান্ডোর মতো বিখ্যাত আন্তর্জাতিক তারকারা।
এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ও গর্বিত প্রিয়াংকা। ট্যুইট করে তিনি জানিয়েছেন, এই অসাধারণ দলের সাথে ইউনিসেফের আন্তর্জাতিক গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে প্রত্যেক শিশুর সেবা করার সুযোগ পেয়ে আমি গর্বিত। এমন সংস্কারমুক্ত এক দল মানুষের সাথে দেখা করে খুব ভালো লাগলো যারা বিশ্বাস করেন মনুষ্যত্ব এখনো হারিয়ে যায়নি।