শরীফুল ইসলাম, চাঁদপুর: মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিজয় মেলা মঞ্চে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, ১৯৭১ সালের এই দিনে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম। বিজয় আনন্দের, বিজয় গৌরবের। আমরা আজ বিজয়ের কথা বলবো। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গঠনের স্বপ্ন দেখেছেন। তিনি সেই স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেন নি। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্নপূরণ হতে যাচ্ছে। পোশাক খাত, নারী অধিকার, খাদ্য উৎপাদন, প্রবৃদ্ধি, তথ্য-প্রযুক্তির ব্যবহার, শিক্ষার হারের দিক দিয়ে বাংলাদেশ এখন বিশ্বের অনেক অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে এগিয়ে। সম্মিলিতভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের কাক্সিক্ষত লক্ষ্যের দিকে।
তিনি আরো বলেন, আগামীতে এদেশে কোনো বেকার থাকবে না। এদেশে কোনো অশিক্ষিত মানুষ থাকবে না। বাংলাদেশের মানুষ সারা বিশ্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতৃত্ব দিবে। জ্ঞান-বিজ্ঞানে বাংলাদেশ বিশ্বকে আলোকিত করবে। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চার করে এই লক্ষ্যে সবাইকে কাজ করার জন্যে জেলা প্রশাসক আহ্বান জানান।
চাঁদপুরের পুলিশ সুপার বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি পতাকা, একটি মানচিত্র, বিশ্বের কাছে পেয়েছি সম্মান। যে কোনো কিছু অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন। আমাদের স্বাধীনতা রক্ষা করতে কাজ করে যেতে হবে। সত্যিকার অর্থেই দেশকে ভালোবাসতে হবে। শুধু দেশকে ভালোবাসি এই কথা কেবল মুখে বললে হবে না। দেশপ্রেমকে অনুভব করে অন্যের মাঝে ছড়িয়ে দিতে হবে। আপনাদের সন্তানদেরকে সঠিক ইতিহাস জানতে দিন। অন্তত বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ শুনতে দিলেও আপনার সন্তান বাঙালিদের সংগ্রামের সঠিক ইতিহাস জানতে পারবে। তারা সোনার বাংলা গঠনে কাজ করতে পারে। তিনি বলেন, আমরা একাত্তরে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছি। আমরা পারবো পারবোই। আমাদের সবার আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের দৃঢ়তা বাংলাদেশকে বিশ্বের বুকে আদর্শ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবেই।
ক্ষুধা দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন’ শীর্ষক আলোচনায় অংশ নেন জেলা ক্যাবের সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক জীবন কানাই চক্রবর্তী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি আকতারী জামান। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজয় মেলার চেয়ারম্যান অ্যাড. জহিরুল ইসলাম, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন, বিজয় মেলার মাঠ ও মঞ্চ কমিটির আহ্বায়ক হারুন আল রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অ্যাড. রনজিত রায় চৌধুরী।
আলোচনায় সভায় বক্তারা বলেন, ত্রিশ লাখ শহীদ ও তিন লাখ মা বোনের সম্ভ্রম, অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা। দলমত নির্বিশেষ একাত্তরের বাংলার মানুষ হানাদারদের মোকাবেলা করে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। একাত্তরের মতো এখন দলমত নির্বিশেষে সবাইকে কাজ করতে হবে। তাহলেই সোনার বাংলাদেশ গঠন করা সম্ভব। বাংলাদেশ বিভিন্ন দিক দিয়ে এগিয়ে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আব্দুল হাই, সুধীজন মো: হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, বিজয় মেলার মহাসচিব শহীদ পাটোয়ারী, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালী উল্লাহ অলি, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটওয়ারী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ ও নাট্যজন শরীফ চৌধুরী। আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।