সিসি নিউজ: কক্সবাজারের টেকনাফ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩৬ রোহিঙ্গা বোঝাই আরও ২টি নৌকা ফেরত যেতে বাধ্য করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত তারা নাফনদী পার হয়ে টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়।
টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী বলেন, গতকাল বৃহস্পতিবার কোনো রোহিঙ্গা বহনকারী নৌকা অনুপ্রবেশের চেষ্টা করেনি। কিন্তু আজ শুক্রবার উপজেলার হ্নীলা সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই দুটি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবির সদস্যদের বাধার মুখে তারা মিয়ানমারে ফেরত যেতে বাধ্য হয়।