সিসি নিউজ: দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।
বুধবার দুপুরে সারাদেশের ভোটগ্রহণ শেষে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
ডা. দীপু মনি বলেন, আজকের জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে। স্থানীয় সরকারের এ নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকবে।
জেলা পরিষদ নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বক্তব্যের প্রতিক্রিয়ায় দীপু মনি বলেন, বিএনপি কখন কি বলে তার কোনো ঠিক নেই। তাদের কাছে গণতন্ত্র মানে হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা। মানুষ পুড়িয়ে হত্যা করা। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা, মানুষ পুড়িয়ে হত্যা করা যদি বিএনপির গণতন্ত্র হয়ে থাকে, তাহলে দেশের মানুষ এমন গনতন্ত্র চায় না।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাঈলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোওয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।