আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীর সাথে দেখা করতে না দেওয়ায় জামাই হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে শাশুড়িকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৫টার সময়। এ ঘটনায় আক্কেলপুর থানায় একটি মামলা হয়েছে। জামাই মিনহাজুল ইসলাম কে পুলিশ গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শী ও থানা সুত্রেজানা গেছে, আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর নয়াপাড়া গ্রামের শাহাদুল সরদারের মেয়ে দোলার সাথে পাশের আওয়ালগাড়ী গ্রামের আবুল কালাম আজাদের পুত্র মিনহাজুল ইসলামের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। এক পর্যায়ে এক বছর পূর্বে মিনহাজুল ইসলাম দোলাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে। সেখানে একটি বেসরকারী কোম্পানিতে মিনহাজিুল চাকুরি করেন। পরে তাঁদের সর্ম্পক উভয় পরিবারের লোকজন মেনে নিলে তাঁরা বাড়িতে চলে আসে। দোলার পরিবারের লোকজন দোলাকে বাড়িতে আটকে রেখেছে এমন সংবাদ পেয়ে মিনহাজুল দোলার সাথে দেখা করতে যায়। আকষ্কিকভাবে মিনহাজুল শ্বশুর বাড়িতে আসার পথে শ্বাশুড়ির সাথে দেখা হয়। এক পর্যায়ে শ্বাশুড়ি জামাইয়ের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। জামাই মিনহাজুল ক্ষিপ্ত হয়ে জাকেটের মধ্যে নিয়ে আসা হাতুড়ি দিয়ে শ্বাশুড়ি সামছুন নাহার (৪৫) কে মাথায় আঘাত করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করেন। জামাই মিনহাজুলকে শ্বশুড় বাড়ির লোকজন আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
মিনহাজুল ইসলামের স্ত্রী দোলা বলেন, বৃহস্পতিবার বিকেলে আমার মা বাড়ির পাশে হলুদের ক্ষেতে কাজ করছিল। এসময় আমার স্বামী মার সাথে কথা বলার সময় এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাঁর কাছে থাকা হাতুড়ি দিয়ে মাথায় এলোপাথারী আঘাত করে। বর্তমানে আমার মা জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছে। মার মাথায় এগারো টি সেলাই দেওয়া হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মিনহাজুল ইসলামকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।