গাজীপুর: গাজীপুরের বাঘিয়া এলাকায় ট্রাক খাদে পড়ে চার শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অপর এক শ্রমিক। বাঘিয়া-রাজাবাড়ী সড়কে বুধবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের বাঘিয়া এলাকার আলেক মিয়ার ছেলে ট্রাক চালক সোহেল মিয়া (২৯), রংপুরের বদরগঞ্জ থানার ব্যাঙ্গডুবি এলাকার হরেশ চন্দ্র রায়ের ছেলে সুজন রায় (২৩), একই এলাকার অলিন রায়ের ছেলে দিলিপ রায় (২২) ও রাখাল রায়ের ছেলে কাজল রায় (২৪)।
এলাকাবাসী জানায়, বুধবার রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ইট নামিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ডের বাঘিয়া এলাকায় করম মোল্লা ব্রিকস নামক ইটাভাটায় ফিরছিল ট্রাকটি। এসময় ইট ভাটার পাশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৬০-৭০ ফুট গভীর খাদে পড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলে ওই তিন শ্রমিক নিহত হন। গুরুতর আহত হন ট্রাক চালক।
পরে স্থানীয়রা নিহতদের উদ্ধার করে এবং আহত ট্রাক চালককে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাশেদুল ইসলাম জানান, সোহেল নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।