হারুন উর রশিদ সোহেল, রংপুর: গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ-বাগদাফার্মের আদিবাসী ও বাঙ্গালিদের উপর রংপুর চিনিকল ও পুলিশের হামলা, মামলা, লুটপাট, খুন, উচ্ছেদ, অগ্নিসংযোগ, হয়রানির প্রতিবাদ এবং লুটেরা-সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে রবিবার সকালে রংপুর নগরীর শাপলা চত্ত্বর থেকে আদিবাসীদের তীর ধনুক লাঠি ও লাল পতাকা সম্বলিত এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারী বাজারে গিয়ে সমাবেশ করে। এতে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। গণমিছিলে রংপুর বিভাগের বিভিন্ন জেলার কয়েক হাজার আদিবাসী নারী-পুরুষ,ছাত্র-ছাত্রী ও রংপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিগণ অংশগ্রহণ করেন।
রংপুরে সন্ত্রাসী রিপন গ্রেফতার
রংপুরে হত্যাসহ একাধিক মামলার আসামি শীর্ষ তৌফিকুর রহমান রিপন ওরফে বকরি রিপনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ধাপ জেল রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।কোতয়ালী থানা পুলিশের ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দিবাকর এবং টিএসআই আইয়ুব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল তাকে ধাপ জেল রোড হতে গ্রেফতার করে।রিপনের বিরুদ্ধে কোতয়ালী থানায় দুটি হত্যাসহ চাঁদাবাজি ও সন্ত্রাসীর ছয়টি মামলা রয়েছে।