
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক নির্মাণ শ্রমিক নেতাকে মারধরের ঘটনায় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছে জেলা নির্মাণ মিস্ত্রী শ্রমিক ইউনিয়ন।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) দুপুরে জেলা প্রশাসক বরাবর সংগঠনের সভাপতি মো. শাহ্বুদ্দিন খোকন শ্রমিক নেতাদের সাথে নিয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগপত্র হস্তান্তর করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রাব্বি।
অভিযোগে বলা হয়, শহরের ঈদগাহবস্তি মহল্লায় মো. রেজানুর রহমানের বসতবাড়ীর নির্মাণ কাজ করার সময় গত ১৮ জানুয়ারী বুধবার বেলা দেড়টার দিকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ওই রাস্তা দিয়ে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় হঠাৎ করে জেলা নির্মাণ মিস্ত্রী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামকে অকথ্য ভাষায় গালাগালি, মারপিট এবং শার্টের কলার ধরে টানা-হেচরা করে। এ সময় ঢালাই কাজে কর্মরত কয়েকজন শ্রমিকদেরও লাথি মারে বলে অভিযোগ করা হয়। এ বিষয়টি শ্রমিক ইউনিয়ন অফিসে জানাজানি হেেল শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়।
আগামী ২৩ জানুয়ারীর মধ্যে ঘটনাটি সুষ্ঠু সুরাহা না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
অভিযোগের অনুলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিক ইমাম ও পুলিশ সুপার মো. হামিদুল আলমের নিকট প্রদান করা হয়েছে।
স্মারকলিপি প্রদানের সময় দিনাজপুর জেলা নির্মান মিস্ত্রী শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. শাহাবুদ্দিন খোকন ছাড়াও সংগঠনের উপদেষ্টা শ্রমিক নেতা মো. হবিবর রহমান, রবিউল আউয়াল খোকা, জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল আগারওয়াল, সহ-সম্পাদক মোজাহার হোসেন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার, প্রচার সম্পাদক শামসুল হক, দপ্তর সম্পাদক মো. লাবুসহ শতাধিক শ্রমিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।