চাঁপাইনবাবগঞ্জ: পৌর এলাকা থেকে নাজমুন নাহার মুন্নী (২১) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে পৌর এলাকার আরামবাগের একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মুন্নী নারয়ানপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের সাইফুদ্দিন আলমের মেয়ে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।
সদর থানার এসআই রনি সাহা জানান, সকালে বাবুল আখতারের বাড়ির একটি কক্ষের দরজা ভেঙ্গে মুন্নীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মুন্নী তার ডিগ্রি পড়ুয়া বোনকে নিয়ে ওই বাড়িতে ভাড়া থেকে লেখাপড়া করত।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে মুন্নী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর কোনো কারণ এখনও জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।