সিসি ডেস্ক: পার্বতীপুর খোলাহাটী ডিগ্রী কলেজের ছাত্রী খাদিজা আক্তার কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। গত একমাস থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার মেসবাউদ্দিন নোমানের কাছে চিকিৎসা নিয়েছে সে।
পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, খাদিজার দুইটি কিডনিই অকেজো হয়ে পড়েছে।
চিকিৎসকের পক্ষ থেকে দ্রুত কিডনি সংগ্রহের জন্য খাদিজার পরিবারের লোকদের জানানো হয়েছে। কিন্তু নিরূপায় ও হতাশ পিতৃহীন খাদিজার মা বেবী খাতুন বলেন, হতদরিদ্র ঘরের খাদিজার বাবা কোন সম্পদ রেখে যায়নি। যা বিক্রি করে খাদিজার চিকিৎসার ভার মেটানো সম্ভব।
জানা গেছে, খোলাহাটী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক ও পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোফাখ্খারুল ইসলাম ফারুকের উদ্যোগে কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের সহায়তায় সংগৃহীত প্রায় দেড় লাখ টাকা ইতোমধ্যেই খরচ হয়ে গেছে।
চিকিৎসকগণ জানিয়েছেন কিডনি সংগ্রহ হলেও কিডনি ট্রান্সপ্লান্ট ও সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত চিকিৎসার জন্য লাগবে ৭ লক্ষাধিক টাকা। এতো সামর্থ খাদিজার পরিবারের নেই।
উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামের মৃত মোহসীন আলীর কন্যা খাদিজা ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। পরে ২০১৬ সালে খোলাহাটী ডিগ্রী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসিতে জিপিএ ৪.৯০ পায়।
খাদিজার শরীরে কিডনি ট্রান্সপ্লান্ট করাতে বৃহস্পতিবার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। খাদিজার সাথে থাকা তার চাচাত ভাই রুয়েটের ছাত্র রানা সরকার জানায়, সোহরাওয়ার্দী হাসপাতালে খাদিজাকে ভর্তি করা হবে।
এদিকে খাদিজার মায়ের অনুরোধে পার্বতীপুর স্বেচ্ছাসেবক লীগের নেতা আবু হেনা মোস্তফা কামালের নেতৃত্বাধীন সদ্য গঠিত হেল্প এসোসিয়েশনের একদল উদ্যোমী ছাত্র ও যুবক অর্থ সংগ্রহের প্রতিশ্রুতি দিলে খাদিজার চোখে মুখে বেঁচে থাকার আশা সঞ্চারিত হয়। তার চোখে এখন শুধুই বেঁচে থাকার আকুতি। তার সাথে মুঠোফোনে কথা হলে খাদিজা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আঙ্কেল আমি বাঁচতে চাই।’
মেধাবী ও দরিদ্র এই কলেজ ছাত্রী খাদিজাকে বাঁচাতে সংগঠনটির পক্ষ থেকে চিকিৎসার ব্যয়বহুল খরচের অর্থ সংগ্রহের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি পার্বতীপুর স্টেডিয়াম মাঠে আয়োজন করা হয়েছে কনসার্টের।
এ কনসার্টে গান পরিবেশনের মাধ্যমে খাদিজার চিকিৎসা ফান্ড গঠনে সহায়তা দিতে আসছেন দেশের নতুন প্রজন্মের জনপ্রিয় তিন কণ্ঠশিল্পী কিশোর পলাশ, এফএ সুমন ও তানজিব সারোয়ার। এছাড়াও চলচ্চিত্র জগতের স্বনামধন্য একাধিক নায়ক-নায়িকা ও মডেল-তারকারা অংশ নেবেন। আগতরা মানবতার কল্যাণে বিনা পারিশ্রমিকেই তাদের সহযোগীদের নিয়ে গান গাইবেন। কনসার্টে আগত দর্শকদের নিকট টিকিট বিক্রির অর্থ দিয়েই তৈরি করা হবে খাদিজার চিকিৎসা ফান্ড।
কনসার্টের প্রধান উদ্যোক্তা মোস্তফা কামাল জানান, কনসার্ট আয়োজনের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও পার্বতীপুর পৌরসভা কর্তৃপক্ষের অনুমতি নেয়া হয়েছে।
পার্বতীপুর মডেল থানা কর্তৃপক্ষের নিকট সার্বিক নিরাপত্তার জন্য আবেদন করাও হয়েছে। যথাসময়ে কনসার্টে এসে সঙ্গীত উপভোগের বিনিময়ে খাদিজার চিকিৎসা ফান্ড গঠনে সহায়তা করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
এব্যাপারে পার্বতীপুর পৌরসভার প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ জানান, খাদিজার চিকিৎসা ফান্ড গঠনের জন্য কনসার্টের অনুমতি দেয়া হয়েছে।