নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় স্মৃতিরানী দুলালী নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে। আজ রবিবার দুপুরে জেলার ডিমলা উপজেলার উত্তর ঝুনাগাছ গ্রামের নিজ বাড়ি হতে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্মৃতিরানী দুলালী ওই গ্রামের দিজেন্দ্র নাথের ৫ ছেলে ৩ মেয়ের মধ্যে সবার ছোট। এলাকাবাসী জানায়, মেয়েটি এবার জেলার জলঢাকা রাবেয়া মহিলা কলেজ হতে ডিগ্রী পাশ করে। সে মাষ্টার্স পড়ার জন্য রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে। এ অবস্থায় তার বাবা আগামী ৫ ফেব্রুয়ারী তার বিয়ে ঠিক করেন। এ নিয়ে মেয়েটির সঙ্গে পারিবারিক কলহ সৃস্টি হয়। ওই কলহের জেরে স্মৃতিরানী দুলালী শনিবার রাতের কোন এক সময় নিজ শোয়ার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।