ঢাকা: বাংলাদেশ বিমানের প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধে নতুন করে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি দমনে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের সহায়তা চেয়েছেন দুদকের পরিচালক ইকবাল হোসেন।
সোমবার সকালে দুদকের একটি প্রতিনিধিদল বিমান সদর দপ্তরে যায়।
কমিশনের পরিচালক ইকবাল হোসেনের নেতৃত্বে একটি অনুসন্ধান দল বলাকা ভবনে গিয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এ সময় দুদকের পরিচালক ইকবাল হোসেন বলেন, বিমানের বিভিন্ন ধরনের অভিযোগ নানা সময় দুর্নীতি দমন কমিশনের কাছে আসে। সেখানে কেন দুর্নীতি সংগঠিত হয় এবং এ দুর্নীতিগুলো প্রতিরোধের উপায় কী এই বিষয়গুলো বের করার জন্য আমাদের ওপর দায়িত্ব অর্পিত হয়েছে। সে কাজগুলো নির্ণয় করার জন্য আমরা বিমানের ব্যবস্থাপনা পরিচালকের সহায়তা চেয়েছি।
বিমানের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
দুদক পরিচালক জানান, বিমান সম্পর্কিত অভিযোগগুলো চিহ্নিত করে পরবর্তী সময়ে আবারও আসবেন তাঁরা।
এ সময় বিমানের দরপত্র, ক্রয়, বিক্রয়সহ বিভিন্ন বিষয় কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হয় এ ব্যাপারে দুদকের পক্ষ থেকে জানতে চাওয়া হয়।