সিসি নিউজ: নীলফামারীতে দুই দিনব্যাপী শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। সোমবার দুপুরে শহরের উন্মুক্ত মঞ্চ চত্বরে এই মেলা ও উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকীর হোসেন।
এর আগে মেলার উদ্বোধন উপলক্ষে সকালে জেলা প্রশাসনের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
পরে জেলা শিশু একাডেমির মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলিপ কুমার বণিক ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, শিশুর সঠিক বেড়ে ওঠা ও মেধার বিকাশ ঘটানোর লক্ষে জেলা শহর ছাড়াও প্রতিটি উপজেলায় এ ধরনের আয়োজন করা দরকার।
সংশ্লিষ্টরা জানান, শিশু মেলায় দু’দিন সংগীত, আবৃত্তি, নৃত্য, চিত্রাংকন ও শিশু নাট্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। মেলায় শিশু একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ২৮টি স্টলে শিশু বিষয়ক বিভিন্ন উপকরণ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।