সিসি নিউজ: সৈয়দপুরে প্রতিবাদকারী যুবকের মাথায় গরম চা ঢেলে দেয়ার ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। এরা হলেন দোকানের মালিক সাইনুল এবং তার দুই পুত্র এরশাদ ও সমসেদ। আজ মঙ্গলবার দুপুরে শহরের রসুলপুর এলাকায় নিজ বাসা থেকে তাদেরকে আটক করা হয়।
উল্লেখ্য যে, গত শনিবার শহরের স্বর্ণকার পট্টির স্বর্ণকার মিস্ত্রি এজাজ কাজের ফাঁকে চা পান করতে সাইনুলের চায়ের দোকানে যায়। সেখানে চা পানের সময় চায়ের কাপে ময়লা দেখতে পেয়ে মালিক সাইনুলকে বিষয়টি অবহিত করে। দোকানের বদনাম করায় ক্ষিপ্ত হয়ে উঠে মালিকসহ তার কর্মচারী চার পুত্র নওশাদ, এরশাদ, শমশের ও শামসু। তারা এজাজকে শারিরীকভাবে নির্যাতন করার এক পর্যায়ে তার মাথায় কেটলি ভর্তি গরম চা ঢেলে দেয়। এতে এজাজের শরীর পুড়ে যায়। স্থানীয় লোকজন এজাজকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। কিন্তু অবস্থা গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে আহত এজাজের ভাই মেরাজ নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ তাদেরকে আটক করে।