সিসি নিউজ: নীলফামারীর ডিমলায় খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ১২জনকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে তাদেরকে ভর্তি করা হয়।
স্বাস্থ কমপ্লেক্সে সূত্র মতে, উপজেলার নাউতারা ইউনিয়নের উত্তর আকাশকুড়ি গ্রামের মৃত মোজাফফর হোসেনের পুত্র আব্দুস সাত্তার (৬৫)সহ তার পরিবারের ১২ জন সদস্যকে খাদ্যে বিষক্রিয়ায় বমি ও পাতলা পায়খানার আক্রান্ত হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। বাড়ীর মালিক আব্দুস সাত্তার সহ অন্যনান্য সদস্যরা হলেন তার কন্যা ৯ম শ্রেণির ছাত্রি ছবি আক্তার (১৫), পুত্র এসএসসি পরীক্ষার্থী নুর আলম সিদ্দিকী (১৬), গোলাম রাব্বানী (২০), আব্দুল হাই (২২), ফরিদুল ইসলাম (২৫), আব্দুর রশিদের শিশুপুত্র ফাহিম (৩), আব্দুল সাদিক (৫), কন্যা রুমা আক্তার (২৬), আজাদের স্ত্রী মিনা আক্তার (২৩), আব্দুল হাই শিশুপুত্র জিহাদ (৩), স্ত্রী জবেদা বেগম (২৫)।
আব্দুল হাইয়ের স্ত্রী জবেদা বেগম জানায়, বুধবার বেলা ৩টার দিকে পূর্বের রাতে রান্না করা নাপা শাক দিয়ে ভাত খাওয়ার পর থেকে পর্যায়ক্রমে তাদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। প্রথম দিকে তারা বাড়ীতে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। কিন্তু পরিস্থিতি অবনতির দিকে গেলে তারা ছুটে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বর্তমানে তারা সবাই এখানে চিকিৎসাধিন রয়েছে।
ডিমলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অনুপ কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খাদ্যের বিষক্রিয়ার কারণে তারা উদারাময় রোগে আক্রান্ত হয়েছে। সকলে সুস্থ রয়েছে।