দিনাজপুর প্রতিনিধি: সিপি বাংলাদেশ কোম্পানী লিমিটেড’র উদ্যোগে এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি ও ফিসারিজ অনুষদের আয়োজনে প্রথমবারের মত দিনব্যাপী ক্যাম্পাস রিক্রুটমেন্ট ও ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ অনুষ্ঠিত ফেয়ারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। পরে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. মু. আবুল কাসেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিপি বাংলাদেশ’র রংপুর অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট ওয়াথানা খানলেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভেটেরিনারি অনুষদের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ডা. মো. ফজলুল হক, হাবিপ্রবির প্রফেসর ডা. মো. আব্দুল হামিদ, সিপি বাংলাদেশ’র হেড অব এইচআর মো. কামরুজ্জামান প্রমূখ।
প্রধান অতিথি প্রফেসর ড. মু. আবুল কাসেম ক্যারিয়ার ফেয়ার আয়োজনের জন্য সিপি বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ হাবিপ্রবি’র নবীন গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার গঠনে সহায়ক হবে। এ বিশ্ববিদ্যালয় থেকে পাস করা গ্র্যাজুয়েটরা মেধা, দক্ষতা এবং সুনামের সাথে সরকারী-বেসরকারী সংস্থায় কাজ করছে। তিনি বলেন, আমি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিনত করতে চাই। এখান থেকে পাস করা প্রত্যেক গ্র্যাজুয়েট আন্তর্জাতিকমানের গ্র্যাজুয়েট হবে। এজন্য তিনি বিশ্ববিদ্যালয়ের সকলকে সুচারুরুপে নিজ নিজ দায়িত্ব পালন করার আহবান জানান। পরে তিনি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ভেটেরিনারি খামার পরিদর্শন করেন।