সিসি নিউজ: দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা পরিষদের ২কোটি ১৭ লক্ষ টাকা আত্মসাত করার ঘটনায় অভিযুক্ত উপজেলা নির্বাহী অফিসের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দিলীপ কুমার রায়, নিরাপত্তা প্রহরী জগবন্ধু দত্ত ও অফিস সহায়ক সুফিয়ার প্রেমিক স্বপন কুমার দাসকে করেছে। গত বৃহস্পতিবার সন্ধায় দুদকের একটি দল অভিযান চালিয়ে ওই ৩ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে প্রেরণ করে।
জানা গেছে, ২০১২ ইং সালের ৩০ আগষ্ট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোহাম্মদ মিজানুর রহমান (পরিচিতি নং-৫২৫৬) যোগদান করার পর ২০১৫ সালের ১৬ আগষ্ট পর্যন্ত (বর্তমানে বদলিকৃত) তার সময়কালে অত্র অফিসের অফিস সহায়ক সুফিয়া আক্তার (বর্তমানে হাকিমপুরে বদলি) ও তার প্রেমিক স্বপন কুমার দাস তার মনোযোগ আকর্ষণ করে ও তৎকালীন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবু হান্নান মোঃ সাদেক এর সহযোগিতায় অত্র অফিসের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দিলীপ কুমার রায় ও নিরাপত্তা প্রহরী জগবন্ধু দত্ত পরস্পর যোগসাজসে হাট-বাজার ইজারা তহবিল, উপজেলা রাজস্ব তহবিল, ভূমি হস্তান্তর কর, ১% ভ্যাট, হাট উন্নয়ন কর ও এল.আর খাতে ২ কোটি ১৭ লক্ষ টাকা আত্মসাত করেন। আত্মসাতের বিষয়ে দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইমতিয়াজ হোসেন প্রয়োজনীয় তদন্ত করে বিষয়টির সত্যতা পেয়ে দিনাজপুর জেলা প্রশাসক বরাবরে ১৪৪ ফর্দের একটি তদন্ত প্রতিবেদন দাখিল করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মতামত প্রদান করেন। উক্ত তদন্ত প্রতিবেদনের আলোকে জেলা প্রশাসক অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করেন এবং চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসারকে তাদের বিরুদ্ধে সহ সুফিয়ার প্রেমিক স্বপন কুমার দাসের নামে মামলা রুজু করার নির্দেশ দেন। এরই পেক্ষিতে উপজেলা পরিষদের সিদ্ধান্তক্রমে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন মোল্লা বাদী হয়ে চিরিরবন্দর থানায় মামলা দায়ের করেন। পরবর্তিতে অপরাধ স্বীকার করায় সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দিলীপ কুমার রায়, নিরাপত্তা প্রহরী জগবন্ধু দত্তকে চাকুরী থেকে চুড়ান্তভাবে অব্যাহতি দেয়া হয়। এ ঘটনায় অধিকতর তদন্তের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের মইই উইং পরিচালক যুগ্নসচিব এ বি এম আশফাকুর রহমান তদন্ত সম্পন্ন করেন। অপরদিকে অন্য আরেকটি মামলা হওয়ায় দুদকও তদন্ত শুরু করে। এরই জের ধরে গত ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দিলীপ কুমার রায়, নিরাপত্তা প্রহরী জগবন্ধু দত্ত ও অফিস সহায়ক সুফিয়ার প্রেমিক স্বপন কুমার দাসকে দুদক বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে।
বিশ্বস্ত সুত্রে জানা গেছে, সুফিয়া আকতার রংপুর শহরে আত্মগোপনে রয়েছে।