সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ আশা সিংহানিয়া (২৫) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধুর স্বামী রাকেশ সিংহানিয়াকে (৩৬) আটক করেছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে শহরের শহীদ তুলশীরাম সড়কের রাকেশের নিজ বাসায়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের এক পর্যায়ে রাকেশ সিংহানিয়া স্ত্রী আশা সিংহানিয়ার মুখে বালিশ চাপা দেয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তাজ উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ওই বাসায় গিয়ে শোয়ার ঘরে বিছানার ওপর গৃহবধূর আশা সিংহানিয়ার নিথর দেহ পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। তিনি জানান, উদ্ধারকৃত মরদেহের নাভির ওপর জখমের চিহৃ রয়েছে। মুখ দিয়ে রক্ত ঝরছিল। গলায়ও হালকা আঘাতে চিহৃ ছিল। পরে মৃতার ভাই দিলীপ কুমার আগরওয়ালা সৈয়দপুর থানায় উপস্থিত হয়ে হত্যা মামলা দায়ের করে।
এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম সিসি নিউজকে জানান, পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, থানায় হত্যা মামলা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রাকেশ সিংহানিয়াকে আটক করা হয়েছে।