মো.হারুন-অর-রশিদ, ডেমরা: ডেমরায় ঐতিহ্যবাহী বাৎসরিক শ্রী শ্রী সুধারাম বাউলের (বাউল্লা বাজার) মেলায় ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ৫০ টি অস্থায়ী দোকান (স্টল) পুড়ে ছাই হয়ে প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩ টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে ডেমরা ফায়ার সার্ভিসের দমকল বাহিনী খবর পেয়ে ভোর ৪ টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ জানা যায়নি। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণ করতে আসা এক পুলিশ সদস্যসহ ৪ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী খেলনা ব্যবসায়ী কামাল হোসেন জানায়, রাত সোয়া ৩ টার দিকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে খেলনা, কসমেটিক ও খাবার সামগ্রীর দোকানগুলোতে। ঘুমন্ত অবস্থায় থাকায় যথাসময়ে টের না পাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে স্থানীয় ও দমকল বাহিনীর সহায়তা দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে ডেমরা ফায়ার ষ্টেশন ইনচার্জ মো. বজলুর রশিদ জানায়, বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় অর্ধশত খেলনার অস্থায়ী স্টল পুড়ে প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ১০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করাও সম্ভব হয়েছে।
এদিকে ডেমরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন রতন ও ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণের জন্য সংশ্লিষ্ট মহলে সর্বাত্বক চেষ্টা চালাবেন বলে আশ্বাস দিয়েছেন। এসময়ে অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন,বি.এইচ.এস-৯০ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন, আওয়ামীলীগ নেতা সাজিদুর রহমান বকুলসহ এলাকার আওয়ামীলীগ নেতৃবৃন্দ।