ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় চাঁন হাউজিং বস্তিতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় দেড়শ’ ঘর। শেষ সম্বলটুকু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্তরা। বুধবার রাত সাড়ে ৩টার দিকে লাগা আগুন আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার সকাল ৬ টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।
এ সময় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেন পুলিশ ও বস্তিবাসীরা।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলনে, আগুনে বস্তির প্রায় শতাধিক ঘর পুড়ে গেছে। বস্তির আগুন পাশের একটি ভবনেও ছড়িয়ে পড়ে।
রাতে বস্তির দক্ষিণাংশ থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেলেও কোথা থেকে আগুন লেগেছে তা বলতে পারেনি কেউ।
আগুনে ক্ষতিগ্রস্ত শাহানা বলেন, সবকিছু হারিয়ে আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। আগুন আমাদের সবকিছু কেড়ে নিয়েছে।
এ সময় তিনি অভিযোগ করেন পরিকল্পিতভাবে এ আগুন ধরিয়ে দেয়া হয়েছে।
আগুনে পোড়া বস্তিবাসীর আহাজারিবস্তির বাসিন্দা আরমান জানায়, মনিরের দোতলা ঘর থেকে আগুনের সূত্রপাত। কারণ, আমি প্রথমে মনিরের ঘরেই আগুন দেখেছি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। পরিদর্শন শেষে তিনি আপাতত থাকার জন্য বস্তির পাশের বাঁশবাড়ি উচ্চ বিদ্যালয়ের কক্ষে থাকার ব্যবস্থা করেছেন। আশ্বাস দিয়েছেন সাহায্য করার। তদন্ত করে আগুনের প্রকৃত কারণ খুঁজে বের করার কথাও জানিয়েছেন তিনি।