ডেমরা (ঢাকা) প্রতিনিধি: ডেমরায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-পশ্চিম) ও থানা পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজাসহ ৩ গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে ডেমরার মধুবাগ বড় মুরগির ফার্ম ও কোনাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- কুমিল্লার দাউদকান্দি থানার দিতপুরা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে ধনু মিয়া (৪০), ভোলার লালমোহন থানার চরফ্যাশন ভূইয়া বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুল মজিদ ওরফে লেংরা মজিদ (৩০) ও রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন শেখদি চৌরাস্তা এলাকার আব্দুল রাকিবের ছেলে আব্দুর রহমান (৩২)।
পুলিশ জানায়, গাঁজা ব্যবসায়ী ধনু মিয়া ও লেংরা মজিদকে গোপন সংবাদের ভিত্তিতে বড় মুরগির ফার্ম এলাকা থেকে গাঁজা বিক্রির সময় সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক করে থানা পুলিশ। আপর দিকে আব্দুর রহমানকে একইভাবে কোনাপাড়া থেকে ১ কেজি গাঁজাসহ আটক ডিবি পুলিশ। এ ঘটনায় মো. রুবেল নামে তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এসব ঘটনায় ওই রাতেই ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।