বিনোদন ডেস্ক: কঙ্গনা রানাওয়াত মানেই বিস্ফোরক মন্তব্য। এবার কফি উইথ করণে আরও একবার বিস্ফোরণ ঘটালেন এই অাভনেত্রী। এবার নিজের সমকামিতা নিয়ে অবলীলায় মুখ খুললেন বলিউডের ‘ক্যুইন’। তাও আবার টেলিভিশনের ক্যামেরার সামনে।
কফি উইথ করণ, জনপ্রিয় এই টেলিভিশন অনুষ্ঠানে সঞ্চালক করণ জোহরের র্যাপিড ফায়ার রাউন্ডে একেবারে নিজস্ব ভঙ্গিতে উত্তর দিলেন কঙ্গনা। যখন ‘কফি শট’ সেগমেন্ট শুরু হয়, আচমকা সমকামিতা নিয়ে প্রশ্ন ছুড়ে দেন করণ৷ করণের বাউন্সার সোজা ব্যাটেই খেলেন কঙ্গনা।
তিনি জানান, ক্যালিফোর্নিয়ায় যখন ছিলেন, এক বিদেশি নারী চুমু খেয়েছিলেন তাকে। বিষয়টিকে হাল্কাভাবেই নিয়েছিলেন কঙ্গনা কিন্তু পরদিনই মহিলা এসে নাকি প্রেম নিবেদন করে বসেন। এই প্রেম বেশ কয়েকদিন ছিলো। তবে একটা সময় এই সম্পর্ক ছেড়ে চলে আসেন কঙ্গনা।
এদিন কফি উইথ করণ-এ এসে কঙ্গনা রানাওয়াত তার আগামী ছবি রেঙ্গুনের প্রচারও করেন। সাথে ছিলেন নবাব সাইফ আলি খানও। এই সিনেমায় আরও অভিনয় করেছেন বলিউডের একসময়ের ‘চকলেট বয়’ খ্যাত শহিদ কাপুর।