নড়াইল: সরকারি ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠে একলাখ মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। সম্মিলিত কণ্ঠে পরিবেশন করা হয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।’
মঙ্গলবার সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠে এই সব মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়। উদ্বোধন করেন ভাষা সৈনিক রিজিয়া খাতুন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা। আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিন খান নিলু।
একুশ উদযাপন পর্ষদের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারো ব্যতিক্রমী এই আয়োজনের মধ্যে দিয়ে শহীদদের স্মরণ করা হয়। এছাড়াও এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা গণসঙ্গীত পরিবেশনসহ কবিতা পাঠ করেন।
নড়াইল একুশ উদযাপন পর্ষদের আহ্বায়ক প্রফেসর মুন্সী হাফিজুর রহমান জানান, ‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ এ স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারো সরকারি ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠে এক লাখ মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ করা হয়।
সোয়া ৬টার পরপরই মোমবাতির আলোতে আলোকিত হয়ে উঠে এ মাঠ। মোমবাতির আলোর মাধ্যমে শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, বাংলা বর্ণমালা, আল্পনা ও পাখিসহ গ্রাম-বাংলার নানা এতিহ্য তুলে ধরা হয়। এসময় হাজার হাজার লোক উপস্থিত ছিলেন। নড়াইলবাসী গত ১৯ বছর ধরে এভাবেই ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে আসছে।
নড়াইলে একুশ উদযাপন পর্ষদের আয়োজনে ১৯৯৮ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ব্যতিক্রমী আয়োজনে ভাষা শহীদদের স্মরণ করা হচ্ছে বলে জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু।