কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধে সততা সংঘের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসিরউদ্দীন। জেলা প্রশাসক খান মো: নুরুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দুদকের রাজশাহী বিভাগের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম সামউল হক নান্টু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন-অর-রশীদ প্রমুখ।
দুদক ও জেলা দুপ্রক আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে শপথ বাক্য পাঠ, দুর্নীতি বিরোধী শ্লোগান সম্বলিত খাতা বিতরণ ও বৃক্ষরোপন করা হয়।
কুড়িগ্রামে প্রতিবন্ধীদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন
কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ’৯৭ ব্যাচ এর শিক্ষার্থীদের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপি কুড়িগ্রাম বুদ্ধি প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গনে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে শতাধিক প্রতিবন্ধীদের চিকিৎসা দেয়া হয়। এসময় বিনামূল্যে ঔষধ বিতরণ, চিকিৎসা সেবা ও ফিজিওথেরাপী সহায়তা প্রদান করা হয়। ক্যাম্পে চিকিৎসক হিসেবে সহযোগিতা করেন কুড়িগ্রাম সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আল আমিন মাসুদ, মানসিক ব্যাধি বিশেষজ্ঞ ডা. রেদওয়ান ফেরদৌস সজিব, ডা. মাসুদা আক্তার মোহনা, ফিজিও থেরাপিস্ট মো: গাওসুল আজম প্রমুখ।