ঢাকা: মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বৈঠকের পর অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বুধবার রাজধানীর মতিঝিলে সড়ক পরিবহন সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
এর আগে বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সভায় জনভোগান্তি নিরসনে পরিবহন মালিক ও শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে মন্ত্রীকে আশ্বস্ত করেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) আবু নাসের জানান, সভা শেষে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানিয়েছেন, ধর্মঘটের বিষয়ে মালিক-শ্রমিক নেতারা বসবেন।
প্রসঙ্গত, ঢাকার সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যা করার দায়ে সোমবার এক চালকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এরই প্রতিবাদে কর্মবিরতি ঘোষণা করেন পরিবহন শ্রমিকেরা।
মঙ্গলবার সকাল ৭টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। এতে দূরপাল্লার যাত্রীসহ স্থানীয় যাত্রীরাও দুর্ভোগে পড়েন।
২০০৩ সালের ২০ জুন সাভারের ঝাউচার এলাকায় ট্রাকচাপায় নিহত হন খোদেজা বেগম (৩৮)। এ ঘটনায় তার স্বামী নুরু গাজী সাভার থানায় ট্রাকচালক মীর হোসেন ও তার সহকারী ইনতাজ আলীর বিরুদ্ধে মামলা করেন। ট্রাকচালক মীর হোসেনের বাড়িও সাভারের ঝাউচর এলাকায়।
১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায় চালক মীর হোসেনের মৃত্যুদণ্ড এবং তার সহকারীকে খালাস দেন।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন তারা।
ধর্মঘটে মঙ্গলবার রাতে গাবতলীতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বুধবার সকালেও সংঘর্ষ হয়। এই সংঘর্ষে এক শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বিষয়টি নিশ্চিত করা হয়নি পুলিশের পক্ষ থেকে।
এর আগে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার মামলায় গত ২২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।