সিসি নিউজ: নীলফামারী-৪ আসনের (সৈয়দপুর-কিশোরগঞ্জ) সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী বলেছেন, আমার কোন দুর্নীতি প্রমাণ করতে পারলে আমি সংসদ সদস্য থেকে পদত্যাগ করব। সৈয়দপুরের বিপথগামী ও সুযোগ সন্ধানী কিছু আওয়ামীলীগ নেতাদের এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি আরো বলেন, তার আমলে সৈয়দপুরে স্মৃতিসৌধ, বদ্ধভুমি, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ শিক্ষা প্রতিষ্ঠানে অনেক উন্নয়ন হয়েছে। ওইসব নেতাই সেসব উন্নয়নের কমিটিতে ছিল এবং এখনও আছে।
বুধবার বিকালে নিয়ামতপুর মুন্সীপাড়া (ডাঃ কোফ্ফার রোডের) নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সংসদ সদস্য বলেন, সৈয়দপুরের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে সৈয়দপুর আওয়ামী লীগের কতিপয় নেতা আমার নামে বিভিন্ন মিথ্যা অভিযোগের পাশাপাশি চরিত্রহননের চেষ্টা করছে। কিন্তু সৈয়দপুরের সাধারন মানুষেই যথাসময়ে এর সঠিক জবাব দেবে সেইসব নেতাদের। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সৈয়দপুর কলেজ ও সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজে নিয়োগ সংক্রান্ত বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা উপেক্ষা করে তাদের অযৌক্তিক মতামতকে প্রাধান্য না দেয়ায় ওইসব নেতারা আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি সৈয়দপুর পৌর শাখার সভাপতি ও জেলা পরিষদের সদস্য শামীম চৌধুরী, সাধারন সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, উপজেলা জাপার সহ-সভাপতি ডা. সুরত আলী বাবু, সহ-সভাপতি কাজী ময়নুল হক, জাপা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাকিব খান, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক জিএম কবির মিঠু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক শফিউল আলম সূজন সহ জাতীয় পার্টির নেতাকর্মীরা।