ঢাকা: রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর না করায় দায়ে ১৫৪ ট্যানারি মালিককে ৩০ কোটি ৮৫ লাখ টাকা জরিমানা সরকারি কোষাগারে দুই সপ্তাহের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে গত ২৫ জানুয়ারি সর্বোচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজারীবাগের ট্যানারি মালিকদের কাছ থেকে ক্ষতিপূরণের অর্থ আদায়ে ব্যর্থতার বিষয়ে ব্যাখ্যা দিতে শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে তলব করেন হাইকোর্ট।
হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে সাভারের হেমায়েতপুরে নিতে আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় গত ১৮ জুলাই ক্ষতিপূরণ হিসেবে দিনে ১০ হাজার টাকা করে ধার্য করেছিলেন আপিল বিভাগ। শিল্পসচিবকে এই অর্থ আদায়ের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছিল। সেই জরিমানা আদায়ে ব্যর্থতার কারণে শিল্পসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ হাইকোর্ট তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন।
উল্লেখ্য, ২০০১ সালে হাইকোর্ট এক রায়ে হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি শিল্প সরিয়ে নেয়ার নির্দেশ দেন। এরপর ২০০৯ সালের ২৩ জুন আরেক আদেশে ট্যানারি সরানোর জন্য ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। পরবর্তীকালে সরকারপক্ষের আবেদনে ওই সময়সীমা কয়েক দফা বাড়ানোর পরও ট্যানারি স্থানান্তরে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন হয়নি।