ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আসামি নিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে যাওয়ার পথে পুলিশের একটি প্রিজনভ্যান উল্টে গেছে। এ ঘটনায় গাড়িটির চালক, ছয় আসামিসহ সাতজন আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন তেজগাঁও সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ গণমাধ্যমকে জানান, ওই প্রিজনভ্যানে করে ২৪ আসামিকে কাশিমপুর কারাগারে নেয়া হচ্ছিল। পথে তেজগাঁও সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায় প্রিজনভ্যানটি। এতে সাতজন সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ওসি আরো জানান, দুর্ঘটনার পর আসামিসহ প্রিজনভ্যানটি তেজগাঁও থানা হেফাজতে নেয়া হয়। পরে অন্য একটি প্রিজনভ্যানে করে আসামিদের কাশিমপুর কারাগারের দিকে পাঠানো হয়েছে।