ভোলা: বৃষ্টি, ঘূর্ণিঝড়ে ভোলা সদরে দু’টি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত পাঁচজন।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালাসুরা ও দরিরাম শংকর গ্রামে ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।
ধনিয়া ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন কবির জানান, বিকেলে প্রচণ্ড বাতাসের সঙ্গে হঠাৎ করেই বৃষ্টি, ঘূর্ণিঝড় শুরু হয়। এতে মুহূর্তের মধ্যে দু’টি গ্রামের শতাধিক ঘর বিধ্বস্ত হয়।
স্থানীয়রা জানান, ঝড়ে একটি মাদরসাসহ অসংখ্য ঘর বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছে কয়েকজন।
ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুজাইহিদুল ইসলাম বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।