সিসি নিউজ: ফাল্গুনের অসময়ের বৃষ্টিতে নীলফামারী জেলার সৈয়দপুরের প্রায় ৩৫টি ইটভাটায় ব্যাপক ক্ষতি হয়েছে। একদিনের বৃষ্টিতে নষ্ট হয়েছে সৈয়দপুরের প্রায় ১ কোটি কাঁচা ইট। এতে ভাটা মালিকদের ক্ষতি হয়েছে কোটি টাকা।
শনিবার সকাল থেকে সৈয়দপুরে শুরু হয় বৃষ্টিপাত। এই বৃষ্টিপাত সকাল সাড়ে ৬টা থেকে টানা চলে বিকাল পর্যন্ত। এরপর থেমে থেমে মাঝে মাঝে বৃষ্টিপাত হয়।
সৈয়দপুরে এটাই ফাল্গুন মাসের প্রথম বৃষ্টিপাত। এদিকে অসময়ে এই বৃষ্টিপাতে বোরো ও ভুট্টাচাষীরা বেশ খুশি হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে আলু, আম ও লিচু। উপজেলা বিভিন্ন ইটভাটা ঘুরে জানা যায়, একদিনের এই বৃষ্টিপাতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ইটভাটা মালিকরা। সৈয়দপুরে ৩৫টি ইটভাটায় প্রায় ১ কোটি কাঁচা ইট বৃষ্টির পানিতে গলে কাদা হয়ে গেছে। এতে ৩৫টি ইটভাটা মালিকের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইটভাটা মালিকরা।
কামারপুকুর এলাকার ভাই ভাই ইটভাটার স্বত্ত্বাধিকারী আহেদুল ইসলাম জানান, এই বৃষ্টিপাতে মাঠে থাকা কয়েক লক্ষ ইট বিনষ্ট হয়েছে। মাঠের নষ্ট হওয়া কাঁচা ইট সরিয়ে মাঠ পরিষ্কার করার পর পুনরায় ইট তৈরি করতে বেশ কয়েকদিন লেগে যাবে। এতে মালিক শ্রমিক উভয়পক্ষ ক্ষতিগ্রস্ত হবে।
বৃষ্টিপাতের কারণে কাঁচা ইটের অভাবে অধিকাংশ ইটভাটা বন্ধ রাখতে হয়েছে। তাছাড়া ভাটায় পানি জমে থাকায় আর বৃষ্টি না হলেও তা শুকাতে বেশ কয়েকদিন সময় লাগবে। এতে আরও ক্ষতির সম্মুখীন হচ্ছেন ইটভাটা মালিকরা।
ইটভাটা বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে সৈয়দপুর উপজেলার ইটভাটায় কমর্রত হাজার হাজার শ্রমিক।
সৈয়দপুর উপজেলার কামারপুকুর বাজার সংলগ্ন এম জেডএইচ ইটভাটায় কমর্রত শ্রমিক রফিকুল জানান, তারা ইটভাটায় প্রতিদিন কাজ করে যা রোজগার করেন তাই দিয়ে চলে তাদের সংসার। কিন্তু বৃষ্টির কারণে কাজ করতে না পারায় তাদের রোজগারও বন্ধ হয়ে গেছে। বৃষ্টিতে ইটভাটায় পানি জমে থাকায় সেই পানি শুকাতে কয়েকদিন লাগবে। আর কবে কাজ শুরু হবে, তা নিয়ে শংকায় রয়েছেন তারা।