দিনাজপুর প্রতিনিধি: বিরলে আত্মীয়র বাড়ীতে বেড়াতে এসে মারা যাওয়া ভারতীয় নাগরিক আশরাফুল বেগম (৫৮)-এর লাশ গ্রহন করেনি ভারতীয় পুলিশ। আইনী জটিলতার কারণ দেখিয়ে গত শুক্রবার বিকেলে তাঁর লাশ বাংলাদেশের কিশোরীগঞ্জ সীমান্তের চকশংকর এলাকা এবং ভারতের রাধিকাপুর সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড থেকে গ্রহন না করে ভারতীয় পুলিশ ফেরত যায়।
এ ব্যাপারে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ ও এসআই হাবিবুর রহমান জানান, মৃত আশরাফুল বেগমের সুরতহাল, ময়না তদন্তের রিপোর্ট এবং ভারতীয় হাই কমিশনারের এনওসি চেয়েছে ভারতীয় পুলিশ। শনিবার মৃত আশরাফুল বেগমের লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য তাঁর লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আশরাফুল বেগম ভারতের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পালিগাঁও ফরিদপুর গ্রামের কুরবান আলীর স্ত্রী। তার পাসপোর্ট নং পি-৪৭৫০৩১। সে গত চলতি বছরের ৭ ফেব্রুয়ারী তারিখে ভারতের রাধিকাপুর হয়ে বিরল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তাঁর আত্মীয় বিরল উপজেলার ভান্ডারা মহাজনপাড়া গ্রামের মৃত জিন্নাহ তুল্লাহর পুত্র পল্লী চিকিৎসক আবুল কাশেমের বাড়ীতে বেড়াতে আসে। গত ৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় সে মারা যায়। এ ব্যাপারে বিরল থানায় একটি জিডি করা হয়েছে যার নং-৩৯০। তারিখ ঃ ০৯-০৩-২০১৭।