সিসি নিউজ: সৈয়দপুর শহরে জমি দখলে শার্প নামে একটি এনজিও-এর কর্মীরা সন্ত্রাসী কায়দায় অংশ নিয়েছে মর্মে অভিযোগ মিলেছে। ঘটনাটি ঘটেছে আজ রোববার সকালে নতুন বাবুপাড়ার শহীদ আমিনুল হক স্ট্রীটে।
সূত্র মতে, ওই মহল্লার জনৈক নাসিম ইকবালের সাথে একই মহল্লার বসবাসকারী শার্প-এর নির্বাহী প্রধান মাহবুব-উল আলমের জমির সীমানা নিয়ে দীর্ঘ কয়েক বছর থেকে বিরোধ চলছিল। বিগত ২০১২ সালের ২০ ডিসেম্বর সৈয়দপুর পৌরসভা উভয়ের মধ্যে সৃষ্ট সীমানা নিয়ে বিরোধ নিষ্পত্তি করার লক্ষ্যে স্থানীয় কাউন্সিলর, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, উভয় পক্ষের উপস্থিতিতে এক বৈঠক হয়। এতে সকলের সম্মতিতে জমি মেপে লিখিতভাবে সীমানা নির্ধারণ করা হয়। দীর্ঘ কয়েক বছর পর আজ রোববার (১২ মার্চ ২০১৭) সকালে ওই এনজিও কর্মকর্তা তার অফিসের ৩০/৪০ জন কর্মী নিয়ে এসে পৌরসভার মিমাংসিত সীমানা নির্ধারন পিলার উপড়ে ফেলার চেষ্টা করে। এতে স্থানীয় লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক মহল্লাবাসী জানান, গত সপ্তাহে শার্প’র নির্বাহী প্রধান তার অফিসের লোক দিয়ে একই কায়দায় জমির মধ্যের সীমানা পিলারগুলো তুলে দিয়ে টিন দিয়ে প্রতিপক্ষ নাসিম ইকবালের জমি দখলে নিয়েছে। অপরিচিত এসব লোক দিয়ে জমি দখল করায় তাই মহল্লাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। আর এ ঘটনায় ভীত হয়ে নাসিম ইকবাল গত ১১ মার্চ’১৭ সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সৈয়দপুর থানার এসআই জিয়াউর রহমান সিসি নিউজকে জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে জমির এক পাশে ছোট বেড়া দিয়ে ঘেরা দেখতে পেয়েছেন।
এ ব্যাপারে কথা হয় শার্প’র নির্বাহী প্রধান মাহবুব-উল আলমের সাথে। তিনি পিলার সরানোর চেষ্টা করার কথা স্বীকার করে সিসি নিউজকে জানান, দখলকৃত জমিটি আমার কেনা। কয়েক বছর আগে সকলের উপস্থিতিতে জমির দেয়া ওই মাপ ভূল ছিল- যা আমি পৌরসভার মেয়রকে অবহিত করেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পিলার সরাতে গিয়ে প্রতিপক্ষের লোকজন আমাকে লাঞ্চিত করে এবং আমার এক কর্মীকে (করিম উদ্দিন) মারধর করে। বর্তমানে ওই কর্মী সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে আগামীকাল সোমবার সকলের উপস্থিতিতে পূর্নরায় ওই জমি মাপ দেয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে সিসি নিউজকে জানান, তদন্তকারী কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।