সিসি নিউজ: ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে ওজনে কম দেয়ায় সৈয়দপুরে দুইজনের ডিলারশীপ বাতিল ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা খাদ্য কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলার খাতামধুপুর ইউনিয়নের স্বল্প মূল্যের চাল বিক্রির ডিলার হাসিনা বেগম ও কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সৌরভ হোসেন হতদরিদ্রদের ওজনে কম দেন। উপজেলা নির্বাহী অফিসার ওজনে কম দেওয়ার বিষয়টি হাতে নাতে ধরে ফেলেন এবং উপজেলা খাদ্য কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে ডিলারদেরকে জানিয়ে দেন।
সৈয়দপুর উপজেলা খাদ্য কমিটির সভায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগে উল্লিখিত দুই জন ডিলারের ডিলাশীপ বাতিল করে। সেই সঙ্গে তাদের জামানতের ২০ হাজার টাকা করেও বাজেয়াপ্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জঙ্গী।