রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজশাহী বিভাগীয় কার্যালয় দূর্নীতি দমন কমিশন পরিচালক, আব্দুল আজিজ ভূঁইয়া কর্তৃক স্বাক্ষরিত রাজারহাট উপজেলা দূর্নীতি প্রতিরোধ ৯ সদস্য বিশিষ্ট আগামী ৩ বছরের জন্য একটি কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে সহ. অধ্যাপক মো. হবিবুর রহমান, সহ-সভাপতি প্রভাষক স্বর্ণকমল মিশ্র, সহ-সভাপতি প্রধান শিক্ষক ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য লুৎফর রহমান আঁশু, সাধারণ সম্পাদক পদে প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি এস.এ বাবলু, সদস্য পদে- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, প্রভাষক মোহাম্মদ আলী মন্ডল এটম, প্রভাষক তপন কুমার রায়, সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক শাহজাহান আলী। প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি এস.এ বাবলু, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ও প্রতিষ্ঠাতা সদস্য লুৎফর রহমান আঁশুকে উক্ত কমিটিতে অন্তর্ভূক্ত করায় প্রেসক্লাব রাজারহাট-এর সকল সদস্যবৃন্দের পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক রনজিৎ কুমার রায় প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগকে।
রাজারহাট উপজেলা বৃক্ষরোপনে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে…
কুড়িগ্রামের রাজারহাট উপজেলাকে সবুজ-পরিচ্ছন্ন করে গড়ার লক্ষ্যে একদিনে মাত্র দুই ঘন্টায় পাঁচ লাখ বৃক্ষরোপন করার পরিকল্পনা গ্রহণ করেছেন উপজেলা প্রশাসন। সম্প্রতি রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তাদের নিয়ে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেন। আগামী ১৯ জুলাই ২০১৭ ইং গোটা উপজেলায় বৃক্ষরোপন উৎসবের আয়োজন করা হয়েছে। ওই দিন সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত এই দুই ঘন্টায় গোটা উপজেলায় ৫ লাখ বৃক্ষরোপন একযোগে করা হবে। ১টা হতে ২টা পর্যন্ত উৎসব চলবে। সোমবার উপজেলা আইন-শৃঙ্খলা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ, সাংবাদিক, শিক্ষকবৃন্দকে বিষয়টি অবহিত করেন এবং সকলের সহযোগিতা চান। পাশাপাশি গোটা উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে বৃক্ষরোপন উৎসবটি পৌঁছানোর জন্য তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। এ কর্মসূচী সফল করার লক্ষ্যে বিভিন্ন স্তরের মানুষের সম্পৃক্ততার পাশাপাশি প্রায় এক হাজার টিম লিডার করে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইউএনও মো. রফিকুল ইসলাম গোটা উপজেলার প্রায় অর্ধশতাধিক নার্সারী মালিকদের সঙ্গে চারা সরবরাহ করার জন্য একাধিকবার সভা করেছেন এবং মালিকগণ চারা সরবরাহ করার আশ্বস্ত করেছেন। অপরদিকে আগামী ৩ মাসের মধ্যে গোটা উপজেলার রাস্তার ধারগুলো সংস্কার করার পাশাপাশি চারা রোপনের জন্য গর্ত করার কাজ সম্পন্ন করা হবে। উল্লেখ্য, এই কার্যক্রমটি সফল করতে পারলে একদিনে মাত্র ২ ঘন্টার ব্যবধানে ৫ লাখ বৃক্ষরোপন করা এটি হবে বিশ্ব রেকর্ড।
রাজারহাটে ৪ জুয়াড়ি আটক
কুড়িগ্রামের রাজারহাটে থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার একদল পুলিশ সোমবার অভিযান চালিয়ে ডাংরারহাট সংলগ্ন তিস্তা নদীর চর থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়। সোমবার রাতে এস.আই মিজানুর রহমান বাদী হয়ে জুয়া আইনে ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৭। ৪ জুয়াড়িকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো কোহিদুল (২৫), রফিকুল (৩৫), উজির (৪৫), জামাল (২৮)।