রাজবাড়ী: জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডল পাড়ায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে প্রবেশ করে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে ওই গ্রামের সাঈদ শিকদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোয়ালন্দ উপজেলার পৌর এলাকার রইচ ফকীরের ছেলে নির্মাণ শ্রমিক রেজাউল করিম রিয়াজ (১৭) এবং দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডল পাড়া গ্রামের মাইনুদ্দিন মোল্লার ছেলে হারুন মোল্লা (৩৫)।
গোয়ালন্দ থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ জানান, দুপুরে সাঈদ শিকদারের নির্মাণাধীন বাড়িতে সেপটিক ট্যাংকের ভিতরে বাঁশ ও কাঠ খুলতে দুই শ্রমিক ভিতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পরে তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা ভিতরে উঁকি দেয়। এ সময় তারা দুই শ্রমিকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।