• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :

সাইকেলের দাম ৩২ লাখ টাকা!

সিসি ডেস্ক: সস্তার পরিবহণ মাধ্যম হিসেবেই সাইকেলের খ্যাতি। তেল খরচা নেই, দামও বেশি নয়। কিন্তু সাইকেল-ভ্রমণও যে রীতিমতো বিলাসবহুল হতে পারে, তা বুঝিয়ে দিল বিখ্যাত ফরাসি গাড়ি নির্মাণকারী সংস্থা বুগাত্তি। তারা নতুন একটি বাইসাইকেল বাজারে এনেছে যার দাম ৪০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৩২ লাখ টাকার কাছাকাছি।

লাক্সারি গাড়ি প্রস্তুতকারী হিসেবে বুগাত্তির যথেষ্ট খ্যাতি রয়েছে। তাদের তৈরি গাড়ির দামও আকাশছোঁয়া। এ বার সাইকেল চড়ার চিরাচরিত অভিজ্ঞতাতেও নতুন মাত্রা সংযোজন করতে চাইছে তারা। সেই লক্ষ্য রেখেই তৈরি করা হয়েছে এই অভিনব সাইকেল, সংস্থার পক্ষ থেকে যার নাম রাখা হয়েছে সুপার বাইক।

কিন্তু এই সুপার বাইকের অভিনবত্বটা কী? সাইকেলটির দিকে এক ঝলক তাকিয়েই বুঝে নেওয়া যায় যে, এর চেহারায় একটা অন্য ব্যাপার রয়েছে। এর ডিজাইন যেমন চোখ ধাঁধানো, তেমনই আর পাঁচটা সাইকেলের মতো জৌলুশহীন ধাতব কাঠামো সম্পন্নও নয় সাইকেলটি। কিন্তু কোম্পানির তরফে জানানো হচ্ছে, ‘দর্শনধারী’রা নয়, সুপার বাইকের প্রকৃত বিশেষত্ব বুঝতে পারবেন ‘গুণবিচারী’রা। কী রকম?

বুগাত্তি জানাচ্ছে, এটি পৃথিবীর সবচেয়ে হালকা সাইকেল। এর ওজন মাত্র ১১ পাউন্ড, অর্থাৎ পাঁচ কেজি। তার ফলে প্যাডেলে ন্যূনতম বলপ্রয়োগ করেই চালানো যায় এই সাইকেল। অনায়াসে তীব্র গতিতে রাস্তা দিয়ে ছোটানোও যায় সুপার বাইককে। এবং তার জন্য কোনও অতিরিক্ত পরিশ্রমই বোধ হয় না আরোহীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ