আন্তর্জাতিক ডেস্ক: জুমার নামাজে খুৎবা দিতে ইমাম সাহেব ভুলে গিয়েছিলেন তিনি ভারতবর্ষ থেকে বহুদূরে সিঙ্গাপুরে খুৎবা দিচ্ছেন। খুৎবায় ইহুদী ও খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করতে ইমাম সাহেব আল্লাহর সাহায্য কামনা করেন। আর এই ভুলের কারণে তাকে সিঙ্গাপুর ছাড়তে হলো।
নালা মোহাম্মদ আবদুল জামিল নামের এই ইমাম ভারতের বাসিন্দা। সিঙ্গাপুরে মসজিদে গিয়ে ইহুদী ও খ্রিস্টানদের বিরুদ্ধে বয়ান দিতে গিয়ে দেশটির প্রশাসনের নজরে পড়েন।
কে বা কারা জামিলের খুৎবা ফেসবুকে আপলোড করে ছেড়ে দেয়। এতে সিঙ্গাপুরের পুলিশ প্রশাসনের চোখে পড়ে তার খুৎবা। সিঙ্গাপুরের ইহুদী ও খ্রিস্টান অন্য ধর্মাবলম্বীদের পাশাপাশি বসবাস করে। তাই তাদের দেশে কোনও ব্যক্তি কোনও ধর্মকে খাটো করে কথা বলতে পারে না। সেটা তাদের সংবিধানের বিরুদ্ধে। এই কারণে জামিলের খুৎবা ইহুদী ও খ্রিস্টান বিরোধী বক্তব্য থাকায় তার বিরুদ্ধে পুলিশ অভিযোগ আনে। সিঙ্গাপুরের আদালতে তার বিচার চলে। বিচারে জামিলকে তিন হাজার ডলার জরিমানা ও সিঙ্গাপুর থেকে বহিষ্কার হবার আদেশ দেয় আদালত।
রায় হবার আগেই গত রবিবার জামিল বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে দেখা করে ক্ষমা চেয়ে নেন। তিনি ব্যক্তিগতভাবে ইহুদীদের ও খ্রিস্টানদের উপাসনালয়তে যান এবং সবকিছুর জন্য ক্ষমা চান।
জামিলের আইনজীবী বলেন, সিঙ্গাপুর কর্তৃপক্ষ তার সঙ্গে ন্যায় বিচারই করেছে। তাকে কারাদণ্ড না দিয়ে অর্থ দণ্ড ও বহিষ্কারের আদেশ দিয়েই ছেড়ে দেয়া হয়েছে। এই রায়ে তিনি ও তার মক্কেল খুশি বলে তিনি জানান।