সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৯ জন চোরকে আটক করেছে। গত তিনদিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব চোরাই মোটর সাইকেল উদ্ধার ও এর সাথে জড়িত ৯ জন মোটর সাইকেল চোরকে আটক করেছে। বুধবার দুপুরে (৫ এপ্রিল) এই উদ্ধার ও আটকের ঘটনায় থানা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর) আবুল বাশার মো. আতিকুর রহমান, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওুস) আমিরুল ইসলাম, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খন্দকার তাজউদ্দিন তাজসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জানান, চোরাই মোটর সাইকেল কেনাবেচা করার সময় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক থেকে মুল হোতাকে আটকের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।
এই চুরির সাথে জড়িত থাকায় গাইবান্ধার দুর্গাভিটার দুলু মিয়ার ছেলে আবুল কালাম (৪৫), বগুড়ার শাহজাহানপুরের মৃত আাবুল কাশেমের ছেলে জাহিদুল ইসলাম (৪২), গাইবান্ধার সাদুল্যাপুরের হাফিজার রহমানের ছেলে নূর ইসলাম (৩৫), রংপুরের কাউনিয়ার মাষ্টারপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৩৩), কুড়িগ্রামের বকড়ি গ্রামের জগৎকুমারের ছেলে রুপম কুমার (২৯), দিনাজপুরের বোচাগঞ্জের এহসান আলীর ছেলে নূর আমিন (৪২), একই জেলার বহুবা গ্রামেন বৃক্ষনাথ রায়ের ছেলে শান্ত রায় (৩০), সৈয়দপুর নয়াটোলার মৃত আব্দুর রহমানের ছেলে ও সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট আজহার আলী (৪৫), সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের বাগডোকরা গ্রামের মৃত হাসান করিমের ছেলে রেজওয়ানুল করিম।
তিনি জানান, উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেলের মধ্যে ৭টির রেজিষ্টেশন করা। এগুলো হচ্ছে রংপুর-হ-১২৭৭০৯, দিনাজপুর-হ-১৩৩০৯৪, দিনাজপুর-হ-১৩৭৫৬২, গাইবান্ধা-হ-১১৫৮১১, সিলেট-এ-৭১৭৪, দিনাজপুর-হ-১২৪৪৬৬, দিনাজপুর-হ-১১৮৭৯৮। আর বাকিগুলোর কোন নম্বর নেই। সৈয়দপুর সার্কেলের সিনিয়র এএসপি জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশ এই অভিযানে এসব চোরাই মোটর সাইকেল উদ্ধার ও চোরদের আটক করেছে। পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবুল বাশার মো. আতিকুর রহমান।