পঞ্চগড়: পঞ্চগড় শহরে হকিকুল ইসলাম হকি নামের এক আইনজীবীর বাড়িতে নুর নেহার নুরী (১০) নামের এক শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শিশুটিকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন শিশুটির মা তাহেরা বেগম।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে ওই শিশু গৃহকর্মীর মরদেহ নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে যান আইনজীবী হকিকুল ইসলাম ও তার স্ত্রী। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ হাসপাতলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তবে শিশুটি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে এবং ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে আসা হয়েছে বলে দাবি করেছেন আইনজীবী হকিকুল ইসলামের স্ত্রী কর্মকর্তা রওশন আক্তার লিজা।
জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের মো. নুর ইসলামের ১০ বছরের শিশুকন্যা নুর নেহার নুরী। দেড় বছর ধরে জেলা শহরের ইসলামবাগ মহল্লায় ইে আইনজীবীর বাসায় গৃহকর্মীর কাজ করতো। মেয়ের অসুস্থতার কথা শুনে বিকেলে হাসপাতালে গিয়ে মেয়ের মৃতদেহ দেখে বারবার মুর্ছা যান মা তাহেরা বেগম।
শিশুটির মা তাহেরা বেগম বলেন, আমার মেয়ের অসুখ-বিসুখ কিছুই হয়নি, তাকে কিছু না করলে সে মারা যেত না। আমি থানায় যাব, আমি এর বিচার চাই। তিনি বলেন, মাঝে মাঝেই ঝগড়া হতো। এইতো কয়েকদিন আগে এসে মিটমাট করে গেলাম। ওই বাড়ির মানুষটা ভালো (গৃহকর্তা) কিন্তু তার বৌ ভাল না।
পঞ্চগড় সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বলেন, পঞ্চগড় শহরের এক আইনজীবীর বাসা থেকে উদ্ধার হওয়া শিশু গৃহকর্মীর মৃতদেহটি আমরা দেখেছি। এ বিষয়ে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্ত করা হবে এবং পরবর্তীতে নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।