হাতীবান্ধা (লালমনিরহাট): লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রেনে কাটা পড়ে মাসুম আলী (১১) নামে এক বধির স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে লালমনিরহাট বুড়িমারী রেল রুটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়া রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত মাসুম আলী হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পাটিকাবাড়ি গ্রামের আমির হোসেনের ছেলে। সে স্থানীয় চাঁন মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির পর রেল লাইনের উপর দিয়ে বাড়ি ফিরছিল বধির মাসুম। এ সময় বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি এলে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় ওই স্কুলছাত্র।
হাতীবান্ধা রেল স্টেশন মাষ্টার নুর নবী জানান, ঘটনাটি লালমনিরহাট জিআরপি থানাকে অবগত করা হয়েছে। রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।