সিসি ডেস্ক: সিলেটে একটি ছড়া পরিষ্কারের সময় ১১টি মর্টার শেল পাওয়া গেছে। বুধবার দুপুরে নগরীর দরগাহ মহল্লার হোটেল হেরিটেজের পেছনে একটি ছড়ায় এগুলো পাওয়া যায়।সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মূসা বলেন, ছড়া পরিষ্কারের সময় ১১টি মর্টার শেল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ের মর্টার শেল। এগুলোর মধ্যে ৫টি বড় আকারের এবং ৬টি ছোট আকারের।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ছড়া সংস্কারের সময় পরিচ্ছন্নতাকর্মীরা মর্টার শেলগুলো দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এখানে আরও মর্টার শেল থাকতে পারে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন বলেন, মর্টারশেলগুলো উদ্ধার করে ধ্বংস বা নিষ্ক্রিয় করা হবে।