মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ মাঠে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহ ভাজন দুই ব্যক্তি নিহত হয়েছে। এসময় চার পুলিশ সদস্য আহত হয় বলে দাবী করেন গাংনী থানার ওসি আনোয়ার হোসেন। শুক্রবার ভোর রাতে এই ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, রাতে গাংনী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই গাংনী উপজেলা হাড়িয়াদহ মাঠে সরোয়ারের ইট ভাটায় এক দল চাঁদাবাজ চাঁদার দাবীতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে গেলে চাঁদাবাজ দলটি পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে আধা ঘণ্টাব্যাপী তাদের মধ্য গুলি বিনিময় হয়।
পরে চাঁদাবাজরা পিছু হাটলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবৃদ্ধ দুই ব্যক্তিকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহত দুই ব্যক্তির লাশ গাংনী থানায় রাখা আছে। ঘটনাস্থল থেকে পুলিশ দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।