বিশেষ প্রতিনিধি: বিদ্যালয়ের প্রতিটি শ্রেণি কক্ষে তালা ঝুলছে। ক্লাসে না বসে মানববন্ধনসহ আন্দোলনে নেমেছে কমলমতি শিক্ষার্থীরা। সাথে রয়েছে অভিভাবকরা। এ দৃশ্যপট দিনাজপুর সদর উপজেলার বি-শালকী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের। প্রধান শিক্ষক শাহীনা আকতারের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি এবং দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। তার অপসারণের দাবী তুলেছে অভিভাবক ও এলাকাবাসী।
শুধু অনিয়ম আর দূর্নীতিই নয়, কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে তার সন্তানের মল পরিস্কারের অভিযোগও উঠেছে। কারণে অকারণে তাদের মারধর এবং টিফিন বহনের টিফিন ক্যারিয়ার ছুঁড়ে ফেলারও অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
বিদ্যালয়ের অভিভাবক কমিটি একাই মনগড়া ভাবে তৈরীও করেছেন তিনি। যা জানেন না তার সহকর্মীরা।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কোন নিয়ম নীতি তোয়াক্কা না করে নিজের ইচ্ছামাফিক দীর্ঘ দিন যাবত বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিদ্যালয়ে সময়মত আসেন না তিনি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল পরিচালনার জন্য মনগড়া কমিটি গঠনের অভিযোগও রয়েছে।
এ অভিযোগে সোমবার বিদ্যালয়ের প্রতিটি শ্রেনী কক্ষে তালা লাগিয়ে দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে মানববন্ধন করেছে তারা।
তবে প্রধান শিক্ষক শাহিনা আকতার এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন সরকারী পরিপত্র অনুযায়ী কাজ করেছি তিনি।
এদিকে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের হুইপ স্থানীয় সংসদ সদস্য ইকবালুর রহিম।