সিসি নিউজ: ছাত্রীকে প্রাণনাশের হুমকী দেয়ায় দুই বখাটেকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ। রবিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় গোলাহাট ডাঙ্গাপাড়া বাজার থেকে ওই এলাকার দবির উদ্দিনের ছেলে অটোরিকশা চালক মিজানুর রহমান ওরফে মিজান (২২) ও তার সহযোগী হোটেল কর্মচারী আল-আমিন (২০) কে আটক করা হয়।
জানা গেছে, ঘটনার দিন ওই এলাকায় কলেজ ছাত্রী সুমির (ছদ্মনাম) বিয়ে হওয়ার কথা। কিন্তু মিজান ওই ছাত্রীর বাড়িতে গিয়ে ছাত্রীটিকে বিয়ের প্রস্তাব করে এবং তাকে না পেলে হত্যা করবে বলে হুমকী দেয়। মিজানের সহযোগী আল-আমিন হবু বরের (ছাত্রীর হবু স্বামী) মোবাইল ফোনে ওই ছাত্রী সম্পর্কে বাজে মন্তব্য করে এবং ক্ষুদে বার্তা পাঠায়।
ওই ছাত্রীর ভাই বাদী হয়ে থানায় অভিযোগ করলে রবিবার সন্ধ্যায় পুলিশ তাদেরকে আটক করে।
সৈয়দপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।