মাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জে যমুনা অটো রাইচ মিলে বয়লার বিস্ফোরনের ঘটনায় হতাহত পরিবারকে ক্ষতিপূরন প্রদানের দাবী জানিয়েছে সদর উপজেলা অটোমেটিক হাসকিং রাইচ মিল শ্রমিক ইউনিয়ন।
দিনাজপুর সদর উপজেলা অটোমেটিক হাসকিং রাইচ মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সিরাজ আলম সরকার ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান গোপালগঞ্জে যমুনা অটো রাইচ মিলে বয়লার বিস্ফোরনে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ৫ লাখ টাকা ও আহত প্রত্যেক শ্রেিমকর পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরন প্রদানের দাবী জানিয়েছেন। তারা বলেন, মিল মালিক ও বয়লার পরিদর্শকের গাফেলতি, অদক্ষ কারিগর দিয়ে বয়লার পরিচালনা করার কারণে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে। ভবিষ্যতে আর যাতে এ ধরনের দূর্ঘটনা না ঘটে সে জন্য পরিদর্শক কর্তৃক পরিক্ষিত ও দক্ষ অপারেটর দ্বারা বয়লার পরিচালনার দাবী জানান নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ শেখহাটি এলাকায় সুবল ঘোষের মালিকানাধীন যমুনা অটোরাইস মিলে বয়লার বিস্ফোরণে ২৮ শ্রমিক দগ্ধ হন। দগ্ধ ২১ জনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৯ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দগ্ধ ২৮ জনের মধ্যে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে।
মহান মে দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচী
মহান মে দিবস উপলক্ষে সোমবার দিনব্যাপাী দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ নং রাজ-১১৬৭) ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে।
১ মে সোমবার ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনাজপুর জেলায় সকল বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস চলাচল বন্ধ থাকবে, ভোর ৬টায় দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন, সকাল ৮টায় শ্রমিকদের মাঝে ব্যাচ বিতরণ, সকাল ১০টায় আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায় মৃত শ্রমিকদের পরিবারবর্গের মাঝে এককালিন অনুদানের অর্থ প্রদান ও বাদ আসর টার্মিনাল মসজিদে মিলাদ মাহফিল এবং মন্দিরে পূজা-অর্চনা।
দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠি হবে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটির সহ-সভাপতি ও জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক’র সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এবং বিশেষ অতিথি থাকবেন দিনাজপুর পুলিশ সুপার মো. হামিদুল আলম। আলোচনা সভায় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ৬৪ জন শ্রমিকের প্রত্যেক পরিবারকে নগদ ৩০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে।