সিসি ডেস্ক: ধর্ষণচেষ্টা ও জমি দখলের হুমকির প্রতিকার না পেয়ে কন্যাশিশুকে নিয়ে ট্রেনের নিচে আত্মাহুতি দিয়েছেন এক বাবা। শনিবার এ ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার সিটপাড়া গ্রামে। স্বামী ও একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা হালিমা খাতুন। এ ঘটনায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানায় মামলা করেছিলেন। স্থানীয় ইউপি সদস্যও দিয়েছিলেন আশ্বাস। কিন্তু বিচার নেই। অবশেষে আট বছর বয়সী মেয়েকে নিয়ে, ট্রেনের নিচে প্রাণ দিলেন বাবা হযরত আলী। শিশুটির নাম আয়েশা। পড়তো পটকা প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে।
অভিযোগ রয়েছে, মাস কয়েক আগে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে ফারুক নামের এক বখাটে। তার সঙ্গে খালেকসহ আরও কয়েকজন দরিদ্র পরিবারটির জমি দখলের চেষ্টাও করছিলো। দিয়ে আসছিলো হুমকি-ধমকি।
ঘটনার সুষ্ঠু বিচার দাবি স্থানীয় ইউপি চেয়ারম্যানের। আর পুলিশ বলছে, ইউপি সদস্যের দেয়া আশ্বাসের পর কি ঘটেছে কিছুই জানা নেই।
ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ফারুক পলাতক। এ বিষয়ে শ্রীপুর থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে।