সিসি নিউজ: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সার-সংক্ষেপ হস্তান্তর করেছেন। এবারে সারাদেশে মাধ্যমিকে পাশের হার ৮০.৩৫। সারা দেশে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে প্রায় ৮ ভাগ। অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৭৬.২০ এবং কারিগরী শিক্ষা বোর্ডে পাশের হার ৭৮.৬৯।
দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৮৩.৯৮। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯২৯ জন। সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার ৮০.২৬, বরিশাল ৭৭.২৪, যশোর ৮০.০৪, চট্টগ্রাম ৮৩.৯৯ এবং কুমিল্লা বোর্ডে পাশের হার ৫৯.০৩।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার খাতা মূল্যায়ণে নতুন পদ্ধতির ফলে প্রভাব পড়েছে এবারের পরীক্ষার ফলাফল।
বেলা সাড়ে ১২টায় শিক্ষামন্ত্রী সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। বেলা ২টার পর থেকে শিক্ষার্থীরা তাদের ফলাফল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে, নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ও এসএমএসের মাধ্যমে জানতে পারবে।
মাধ্যমিকে এবার মোট পরীক্ষার্থী ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন। এর মধ্যে আট বোর্ডের অধীনে এসএসসিতে ১৪ লাখ ২৫ হাজার ৯০০ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৫৬ হাজার ৫০১ ও এসএসসি ভোকেশনালে (কারিগরি) এক লাখ ৪ হাজার ২১২ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এবার মোট মোট পরীক্ষার্থীর মধ্যে ৯ লাখ ১০ হাজার ৫০১ জন ছাত্র এবং ৮ লাখ ৭৬ হাজার ১১২ জন ছাত্রী।