ঢাকা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের আটটি সাধারণ শিক্ষাবোর্ডে এবার এসএসসিতে পাসের হার ৮১.২১ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৬.২০ শতাংশ এবং আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮. ৬৯ শতাংশ। ১০ বোর্ড মিলিয়ে মোট পাসের হার ৮০. ৩৫ শতাংশ। ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, গতবারের চেয়ে এ বছর পাসের হার কম। ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেন। এ সময় শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফলাফলে আরো বলা হয়েছে, এ বছর মোট পাস করেছে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে এক লাখ চার হাজার ৭৬১ জন। যেভাবে জানা যাবে ফল শিক্ষার্থীরা মোবাইলে খুদেবার্তা পাঠিয়ে তাদের ফল জানতে পারবে। ইংরেজিতে বড় হাতের অক্ষরে SSC লেখার পর বোর্ডের প্রথম তিন অক্ষর, তারপর রোল নম্বর ও বছর লিখে যেকোনো মোবাইল থেকে ১৬২২২ পাঠিয়ে দিলে ফল জানা যাবে। এ জন্য দুই টাকা ৪৪ পয়সা চার্জ প্রযোজ্য হবে। এছাড়া ওয়েবসাইটে http://www.educationboardresults.gov.bd পাবেন এসএসসির ফল।