পঞ্চগড় : পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবি মাহমুদ নিহত হয়েছেন। এ সময় আরেক সহ-সভাপতি খবির উদ্দিন আহাম্মেদসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ মে) বিকেল সাড়ে ৫টায় পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের হেলিপোর্ট এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা। পরে জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউনিয়ন আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দিতে আওয়ামী লীগ নেতা রবি মাহমুদ এবং খবির উদ্দিন মোটরসাইকেল যোগে সদর ইউনিয়ন পরিষদ অফিস চত্ত্বরে যাচ্ছিলেন। এ সময় তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে তাদের ধাক্কা লাগলে তারা দুজনই ছিটকে পড়েন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিও পাশের একটি খাদে পড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় দুই মোটরসাইকেল আরোহীকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হামপাতালে ও পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রবি মাহমুদ মারা যান। আওয়ামী লীগ নেতা খবির উদ্দিনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ সময় আহত আরও ৫ বাস যাত্রীকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত বাসযাত্রীরা হলেন স্বাশত রায় (৮), আসমা আক্তার (৪০), হৃদয় (১৫), শতাব্দী রানী (১৫) এবং হাজেরা (৪০)।